বাগেরহাটে অভিযান চালিয়ে দুই ট্রাকভর্তি সিগারেট তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ তামাক জব্দ করেছে ভ্যাট বিভাগ। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক দুটি জব্দ করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এনবিআর জানায়, ট্রাক দুটিতে তল্লাশি চালিয়ে সিগারেট তৈরির মেশিন, প্যাকিং ও কাটিং মেশিন, কাটিং তামাক, সিগারেট ফিল্টার, ফয়েল পেপার, সিগারেট পেপার, জেনারেটর, গামসহ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম পাওয়া যায়। প্রাথমিকভাবে জব্দ করা মালামাল দেখে ধারণা করা হচ্ছে, এগুলো দিয়ে সিগারেট উৎপাদনের প্রায় পূর্ণাঙ্গ একটি কারখানার সেটআপ তৈরি করা সম্ভব।
.jpeg)
অভিযানে ৫০টি প্লাস্টিক ক্রেট, একটি জেনারেটর ও ৫১ বস্তা কাটিং তামাক জব্দ করা হয়। প্রতিটি বস্তায় ২৫ কেজি করে মোট ১ হাজার ২৭৫ কেজি তামাক ছিল।
এ ছাড়া জব্দ করা হয়েছে ৭৬ রোল সিগারেট পেপার, পাঁচ কার্টন ফিল্টার পেপার, তিন ড্রাম গাম ও আটা, ৫৪ রোল ফয়েল পেপার, প্যাকেট তৈরির ছয় বক্স কাগজ, একটি হাওয়ার ট্যাংক এবং ১০০টি স্কচটেপ।
এনবিআর জানিয়েছে, জব্দ করা দুই ট্রাক ও মালামালের বিষয়ে যাচাই-বাছাই চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে। একই সঙ্গে জব্দ করা মালামাল সদর দপ্তরের কাস্টমস গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।