রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করে তা নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দল।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতিঝিল মেট্রোস্টেশনের নিচের সড়কে সন্দেহজনক একটি ছাতা পড়ে থাকতে দেখে পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা বলয় তৈরি করে এবং বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দলকে খবর দেয়।
ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে ছাতার ভেতরে থাকা আইইডিটি নিরাপদে নিষ্ক্রিয় করে। এ সময় নিরাপত্তার স্বার্থে ওই সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, উদ্ধার হওয়া বস্তুটি একটি আইইডি ছিল। সেটি সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এটি সেখানে রেখে গেছে, তা শনাক্তে পুলিশ ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো তদন্ত করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোমাটি নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়।
এদিকে মেট্রোরেল পুলিশের (এমআরটি) নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, বোমাটি মেট্রোস্টেশনের নিচের সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। ফলে কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকলেও মেট্রোরেল চলাচল স্বাভাবিক ছিল।