বগুড়ার শাজাহানপুরে পৃথক দুটি অভিযানে কিশোর গ্যাং ‘জালাল গ্রুপের’ ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ১৩টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব-১২ জানায়, বুধবার (১৯ আগস্ট) ভোরে শাজাহানপুর উপজেলার শাবরুল তালপুকুর পাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বাপ্পী হাসান (২১) নামে এক যুবককে দুটি চাপাতি, ১৩টি ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করা হয়।
পরে হাটখোলা পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে জালাল মন্ডলসহ আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৯টি চাপাতি, বার্মিজ চাকু, চাইনিজ কুড়াল, ছুরি, বল্লমসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে ১৪ বছর বয়সী এক শিশুও রয়েছে।
র্যাবের দাবি, গ্রেপ্তার জালাল মন্ডলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। কিশোর গ্যাংটির সদস্যরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ বলেন, পৃথক অভিযানে কিশোর গ্যাং ‘জালাল গ্রুপের’ ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।