শিরোনাম
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

নতুন পরিকল্পনায় বাড়বে মোংলা বন্দরের সক্ষমতা

নতুন পরিকল্পনায় বাড়বে মোংলা বন্দরের সক্ষমতা

বিভিন্ন প্রতিকূলতার কারণে মোংলা বন্দরের বিদ্যমান সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। বন্দরের সক্ষমতা বাড়াতে কনটেইনার টার্মিনাল নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি বন্দরের প্রায় ১০০ একর জমিতে শিল্প-কারখানা স্থাপনের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের আমদানি-রপ্তানি কার্যক্রম অনেকটাই সমুদ্রবন্দরনির্ভর। দেশের বৈদেশিক বাণিজ্য একটি মাত্র বন্দরের ওপর নির্ভরশীল থাকা ঝুঁকিপূর্ণ। তাই চট্টগ্রাম বন্দরের পাশাপাশি মোংলা ও দেশের অন্যান্য সমুদ্রবন্দরের সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

তিনি বলেন, মোংলা বন্দরের সক্ষমতা পুরোপুরি কাজে লাগাতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে কনটেইনার টার্মিনাল নির্মাণ একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাশাপাশি বন্দরের আশপাশে শিল্প-কারখানা স্থাপনের সুযোগ তৈরি করা গেলে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল হবে।

রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেন, দেশের অন্যান্য সমুদ্রবন্দরেও উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম ও মাতারবাড়ী বন্দরের পাশাপাশি মোংলা বন্দরের অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো গেলে বৈদেশিক বাণিজ্যের জন্য আরও কার্যকর ও বিকল্প সমুদ্রবন্দর ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

বন্দরের প্রায় ১০০ একর জমিতে শিল্প-কারখানা স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব শিল্প স্থাপিত হলে বন্দরের সঙ্গে শিল্প ও বাণিজ্যিক কার্যক্রমের সরাসরি সংযোগ তৈরি হবে। এর ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

মতবিনিময় সভায় মোংলা বন্দরের চলমান উন্নয়ন প্রকল্প, সাম্প্রতিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর