শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে এসএসসিতে অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে এসএসসিতে অকৃতকার্য হয়ে ছাত্রীর আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর বিষপানে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দুপুরে ফল প্রকাশের পর এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম হালিমা খাতুন তরিকা (১৬)। সে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পুরাতন উনিশবিঘী গ্রামের তরিকুল ইসলামের মেয়ে এবং চাকপাড়া আদর্শ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

স্বজন, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর হালিমা জানতে পারে, সব বিষয়ে উত্তীর্ণ হলেও ইংরেজিতে অকৃতকার্য হয়েছে। এরপর হতাশ হয়ে সে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে।

বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহরিনা ইসলাম বলেন, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে হালিমাকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল বলে জানান তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, এসএসসি পরীক্ষায় একটি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর বিষপানে ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর