বগুড়ার নন্দীগ্রামে খেলার সময় আমেনা খাতুন (৭) নামে এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় আবু হোসাইন (৩৫) নামে ওই যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের পাঠান গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আমেনা ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে। আটক আবু হোসাইন একই এলাকার আব্দুর রশিদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আমেনা। এ সময় আবু হোসাইন ধারালো দা ও লাঠি নিয়ে তার ওপর হামলা করেন বলে অভিযোগ। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা আবু হোসাইনকে আটক করে মারধর করে পুলিশে খবর দেন। পরে নন্দীগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
আবু হোসাইনের পরিবারের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ। তবে শিশুটিকে হত্যার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার কথিত মানসিক অসুস্থতার বিষয়টিও এখনো পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, আটক যুবককে চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। তিনি সত্যিই মানসিকভাবে অসুস্থ কি না এবং হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্তের পর বলা যাবে।
তিনি আরও জানান, নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।