নীলফামারীতে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মোন্নাফ শাহ রহমান মানিক (১৩) নামে সপ্তম শ্রেণির এক ক্যাডেট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের বগিলা গাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোন্নাফ ওই এলাকার মশিউর রহমানের ছেলে এবং নীলফামারী ক্যাডেট একাডেমির সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় মোন্নাফ। শুক্রবার সকালে তাঁর ঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনে পরিবারের সদস্যরা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা খুলে তাঁকে অসুস্থ অবস্থায় দেখতে পান স্বজনরা।
পরে দ্রুত তাঁকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, রাতে ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে মোন্নাফ অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যদের নজরে না আসায় চিকিৎসা পেতে দেরি হয়।
পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াহেদুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরটি নিজ কক্ষে একা ঘুমিয়ে ছিল। সাপের কামড়েই তাঁর অকাল মৃত্যু হয়েছে বলে জানা গেছে।