শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক কর্মশালায় অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধের পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও নৈতিকতার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বক্তব্যে তিনি সংবাদ পরিবেশনের আগে তথ্যের যথার্থতা যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং পেশাগত নৈতিকতা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর।

কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল গণমাধ্যমের পরিবেশে তথ্য যাচাই করে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর