ভোলার তজুমদ্দিনে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১৬০ বস্তা ইউরিয়া সারসহ একটি স্টিলবডি ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে তজুমদ্দিন থানাধীন মুক্তিযোদ্ধা বাজারসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন তজুমদ্দিনের একটি দল মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি স্টিলবডি ট্রলারে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে বহন করা ১৬০ বস্তা (৮ হাজার কেজি) ইউরিয়া সার জব্দ করা হয়। জব্দ করা সারের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দ করা ইউরিয়া সার ও পাচারকাজে ব্যবহৃত ট্রলারের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, পাচার ও চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।