শিরোনাম
ইউএনওকে নিয়ে আপত্তিকর মন্তব্য

নাচোলে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নাচোলে দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিয়ে জনসম্মুখে অনাকাঙ্ক্ষিত ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউপি চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া দুই চেয়ারম্যান হলেন—কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মেরাব জাকারিয়া ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

স্থানীয় সরকার বিভাগ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১০ আগস্ট ‘ফ্যামিলি কার্ড শুমারি’ কর্মসূচির আওতায় নাচোল উপজেলায় স্বেচ্ছাসেবী ও সুপারভাইজার নিয়োগের ফল প্রকাশের পর তা নিয়ে আপত্তি জানান দুই চেয়ারম্যানসহ কয়েকজন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দাসকে নিয়ে প্রকাশ্যে আপত্তিকর, মানহানিকর ও প্রশাসনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে।

মন্ত্রণালয়ের পর্যবেক্ষণে বলা হয়, জনপ্রতিনিধি হিসেবে এমন আচরণ প্রত্যাশিত শালীনতা, দায়িত্বশীলতা ও প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ডের পর তাদের মাধ্যমে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিকভাবে আইনবহির্ভূত ও জনস্বার্থের পরিপন্থী বলে বিবেচিত হয়।

এ কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(ঘ) ধারায় অপরাধ সংঘটনের অভিযোগে একই আইনের ৩৪(১) ধারায় দুই চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর