জামালপুর সীমান্তে পৃথক অভিযানে মালিকবিহীন ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার করেছে ৩৫ বিজিবি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৭৭ নম্বর সীমান্ত পিলারের কাছ থেকে মালিকবিহীন ১৫৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা।
এদিকে, বুধবার দিবাগত রাতে দাঁতভাঙা বিওপির বিজিবি সদস্যরা সীমান্তবর্তী ছাটকড়াইবাড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৯০৯ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেন। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ২ হাজার টাকা।
বিজিবি জানায়, উদ্ধার হওয়া ভারতীয় মদ ও কসমেটিকস পণ্যের ঘটনায় পৃথকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে নিয়মিত টহল এবং গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।