নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে সম্রাট (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের থানারহাটের উত্তরে মাওলানা আলী আহাম্মদের বাড়ির সামনের মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সম্রাট ওই এলাকার মইনুল হক রতনের সেজো ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৬ আগস্ট) থেকে সম্রাট নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে সোমবার সকালে স্থানীয়রা বাড়ির সামনের মসজিদের পুকুরে তাঁর মরদেহ দেখতে পান। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
কোম্পানীগঞ্জ থানার কর্মকর্তা নুরুল হাকিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।