‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সমৃদ্ধ হোক বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৬।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ আয়োজনে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলার উদ্বোধন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিস কাউসার আজিজ।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। ব্যক্তি, প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আশরাফুল আলম, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা অমিতা মণ্ডল, জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহা. আবুল খায়ের, সামাজিক বনাঞ্চল জোন সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আবুল হোসেন।
এর আগে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এবারের বৃক্ষ মেলায় জেলার বিভিন্ন নার্সারি ও ব্যক্তি উদ্যোগে ৩৫টি স্টল অংশ নিয়েছে। স্টলগুলোতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।
অনুষ্ঠানে জেলা প্রশাসন, বন বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।