শিরোনাম

আলু সংরক্ষণে ন্যায্য ভাড়া নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি চাষিদের

আলু সংরক্ষণে ন্যায্য ভাড়া নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি চাষিদের

আলু সংরক্ষণে হিমাগারের যৌক্তিক ও ন্যায্য ভাড়া নির্ধারণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন রংপুরের আলু চাষি ও ব্যবসায়ীরা। দ্রুত ভাড়া নির্ধারণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে রংপুরের মাহিগঞ্জে আলু চাষি ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আন্দোলন কমিটির আহ্বায়ক তহিদুল ইসলাম বলেন, আলু সংরক্ষণে হিমাগারের যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য সরকার একটি সুপারিশ কমিটি গঠন করেছিল। কমিটি প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ২ টাকা ৩৭ পয়সা থেকে সর্বোচ্চ ৩ টাকা ৪৩ পয়সা নির্ধারণের সুপারিশ করে প্রতিবেদন জমা দিয়েছে। তবে হিমাগার মালিকরা ওই প্রতিবেদনে স্বাক্ষর করেননি।

তিনি বলেন, আলু চাষিরা গত ১৬ আগস্টের মধ্যে আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য সময়সীমা বেঁধে দিয়েছিলেন। কিন্তু এখনো বিষয়টির সমাধান হয়নি। উল্টো হিমাগার মালিকরা মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

তহিদুল ইসলাম বলেন, আলু চাষি ও ব্যবসায়ীদের স্বার্থে দ্রুত হিমাগারে আলু সংরক্ষণের যৌক্তিক ভাড়া নির্ধারণ করতে হবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চান তাঁরা।

সংবাদ সম্মেলন থেকে হিমাগারের ভাড়া দ্রুত নির্ধারণের পাশাপাশি চাষিদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে আগামী ২৩ আগস্ট থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন নেতারা।

সংবাদ সম্মেলনে আন্দোলন কমিটির সদস্য সচিব মোবারক হোসেন, সদস্য নুরুন্নবী হক মুন্না, মিজানুর রহমান মিজানসহ আলু চাষি ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর