সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে এক পয়সাও বেশি আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, অতিরিক্ত ভাড়া আদায় করলে আইন অনুযায়ী জরিমানা করা হবে এবং পরবর্তী সময়ে ওই পরিবহনকে আর রুট পারমিট দেওয়া হবে না।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাসভাড়া সমন্বয়ের বিষয়ে মন্ত্রী বলেন, প্রচলিত আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালার হিসাব অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১ পয়সা বাড়ানোর হিসাব রয়েছে। সেই হিসাবে লিটারে ২০ টাকা মূল্যবৃদ্ধির কারণে কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানোর হিসাব পাওয়া গেলেও আলোচনা করে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
তিনি বলেন, নির্ধারিত ১৭ পয়সার অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই। এ বিষয়ে কঠোরভাবে নজরদারি করা হবে।
সড়কপথের পাশাপাশি রেল ও নৌপথের ভাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম বলেন, ট্রেন ও লঞ্চের ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
ট্রেনের ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনায় রেখে ট্রেনের ভাড়া যাতে না বাড়ে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
এর আগে মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠক শেষে বাসভাড়া পুনর্নির্ধারণের তথ্য জানান পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস। তিনি জানান, নতুন নির্ধারিত হারে দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাসের ভাড়া ২ টাকা ৭০ পয়সা হবে।
এর আগে দূরপাল্লার বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ২৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা। নতুন সিদ্ধান্তে উভয় ক্ষেত্রেই কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে ভাড়া বেড়েছে।