শিরোনাম

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থী-অভিভাবকদের বিক্ষোভ

বাগেরহাটের মোরেলগঞ্জে ২০৭ নম্বর গাবগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হক ওরফে বাদশা মল্লিককে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। এর প্রতিবাদে রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করেন স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা। এ সময় তারা মামলাটিকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে প্রধান শিক্ষকের অবিলম্বে মুক্তির দাবি জানান।

সমাবেশে অভিভাবক মো. জাহিদুল ইসলাম জাহিদ, সোবাহান শেখ, বাবুল শেখ, আলামিন আকন, মনিরা খানম, শিউলি পারভীন ও খাদিজা বেগম বক্তব্য দেন।

বক্তারা বলেন, প্রধান শিক্ষক নিষ্ঠার সঙ্গে বিদ্যালয় পরিচালনা করে আসছেন। তার ছেলের সঙ্গে একটি ঘের নিয়ে বিরোধের জের ধরে তাকে মামলায় জড়ানো হয়েছে বলে তারা দাবি করেন। দ্রুত তাকে মুক্তি দেওয়া না হলে শিক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

প্রতিবাদ সমাবেশ চলাকালে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন আকন বলেন, প্রধান শিক্ষক তাকে শারীরিক অসুস্থতার কারণে তিন দিনের ছুটিতে থাকার কথা জানিয়েছিলেন। পরে রোববার সকালে বিদ্যালয়ে এসে তিনি জানতে পারেন, শনিবার রাত আনুমানিক ১২টার দিকে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তারের খবর পেয়ে স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা শিক্ষার্থীদের নিয়ে সড়ক অবরোধের উদ্যোগ নিয়েছিলেন। পরিস্থিতি শান্ত রাখতে বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করার বিষয়ে সম্মতি দেওয়া হয়।

সহকারী শিক্ষক সুমন আকন প্রধান শিক্ষককে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং দ্রুত তার মুক্তির দাবি জানান।

তবে প্রধান শিক্ষকের বিরুদ্ধে করা মামলার অভিযোগ ও গ্রেপ্তারের বিষয়ে পুলিশের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর