পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী ‘পাঠ্যক্রমভিত্তিক নাট্যভাবনা’ বিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারে এ কর্মশালার উদ্বোধন করা হয়। কর্মশালা চলবে শনিবার (১৫ আগস্ট) পর্যন্ত।
প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষে আনন্দঘন পরিবেশ তৈরি এবং জটিল বিষয়গুলো শিক্ষার্থীদের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপনের লক্ষ্যেই পাঠ্যক্রমে নাট্যচর্চার এই অভিনব প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে কর্মশালাটিতে সার্বিক সহযোগিতা করছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। আর পুরো কর্মসূচির বাস্তবায়নে রয়েছে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘কারিগর’।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এটি একটি পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প। প্রথম ধাপে তেঁতুলিয়া উপজেলার ১০ জন নির্বাচিত প্রাথমিক শিক্ষক এতে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের পর নির্বাচিত ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে পৃথক কর্মশালা এবং পাঠ্যক্রমভিত্তিক নাট্যপ্রযোজনা তৈরি করা হবে।
পরবর্তী সময়ে এসব নাট্যপ্রযোজনা সংশ্লিষ্ট বিদ্যালয়ের মাঠে অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও দর্শকদের সামনে মঞ্চস্থ করা হবে। এর মাধ্যমে শিশুদের জড়তা কাটানোর পাশাপাশি উপস্থাপনা দক্ষতা ও পাঠ্যবিষয় আয়ত্তের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে সামাজিক শিষ্টাচার, ভাষা ও উচ্চারণ, শরীরচর্চা, খাদ্যাভ্যাসসহ বিভিন্ন বিষয়ে শিশুদের সচেতনতা বাড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
কর্মশালায় শিক্ষকদের শেখানো হচ্ছে কীভাবে পাঠ্যবইয়ের কঠিন ও জটিল বিষয়গুলো ছোট ছোট নাট্যরূপে উপস্থাপন করা যায়। সংশ্লিষ্টদের মতে, আনন্দের মধ্য দিয়ে পাঠ গ্রহণের সুযোগ তৈরি হলে শিক্ষার্থীদের মেধা ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব পড়বে।
কর্মশালাটি পরিচালনা করছেন বিশিষ্ট নাট্যনির্দেশক ও ‘কারিগর’-এর প্রধান নির্বাহী সরকার হায়দার।
‘কারিগর’-এর সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বলেন, “কারিগরের দীর্ঘদিনের পরিকল্পনাকে বাস্তবায়নে জেলা প্রশাসন এগিয়ে এসেছে। এটি একটি অভূতপূর্ব উদ্যোগ। এই চর্চার মাধ্যমে শিশুরা নিজের প্রতি, পরিবার ও সমাজের প্রতি আরও যত্নশীল হতে শিখবে। আমরা আশা করি, ভবিষ্যতে শিক্ষা ও সাংস্কৃতিক মন্ত্রণালয়ও এ উদ্যোগে এগিয়ে আসবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে তেঁতুলিয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস আলম লিটন, কবি ফাহিম আহমেদসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।