ভারতের উত্তরপ্রদেশের লখনৌতে রেস্তোরাঁ ব্যবসায়ী শিবা শর্মার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে ভিডিও বার্তায় দাবি করেছেন, তাঁর প্রেমিককে হত্যা করা হয়নি; তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো তদন্ত করে দেখছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, ২৮ বছর বয়সী শিবা শর্মার গত শুক্রবার লখনৌয়ে শ্রদ্ধা দুবের ফ্ল্যাটের চতুর্থ তলা থেকে পড়ে মৃত্যু হয়। ঘটনার পর শ্রদ্ধা ও তাঁর বোনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাঁদের সন্ধানে তৎপরতা চালাচ্ছে পুলিশ।
সম্প্রতি প্রকাশিত এক মিনিটের বেশি সময়ের ভিডিও বার্তায় শ্রদ্ধা নিজেকে নির্দোষ দাবি করেন। একই সঙ্গে তাঁর নামের সঙ্গে অন্য ব্যক্তি, বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিকদের জড়িয়ে না ফেলার অনুরোধ জানান তিনি।
ভিডিওতে শ্রদ্ধা বলেন, ‘আমি কী অন্যায় করেছি? আমি তো কিছুই করিনি। শিবা শর্মা মামলা সম্পর্কে আমি স্পষ্ট করে বলতে চাই, এটি কোনো হত্যা নয়—এটি আত্মহত্যা ছিল।’
নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে তিনি ভালো নেই। এ পরিস্থিতি বিবেচনায় নেওয়ার পাশাপাশি তাঁর বিষয়ে কোনো ধরনের অনুমান না করার অনুরোধ জানান তিনি। সংশ্লিষ্ট কর্মকর্তা বা রাজনীতিকদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই বলেও দাবি করেন শ্রদ্ধা।
পুলিশের কাছে ঘটনার পুরো সত্য তুলে ধরতে প্রস্তুত জানিয়ে শ্রদ্ধা দাবি করেন, তিনি কোথাও পালিয়ে যাননি। কোনো নারীর বিষয়ে অভিযোগ বা মন্তব্য করার আগে সংশ্লিষ্টদের ভালোভাবে যাচাই-বাছাই করার আহ্বানও জানান তিনি।
এ ঘটনায় শ্রদ্ধা দুবে ও তাঁর বোন রেশমি ছাড়াও গাড়িচালক দানিষ এবং আদিল নামের এক সহযোগীকে আসামি করা হয়েছে।
এদিকে নিহত শিবা শর্মার মায়ের অভিযোগ, শ্রদ্ধা তাঁর ছেলেকে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়া এবং সামাজিকভাবে হেয় করার হুমকি দিতেন। তাঁদের সম্পর্ক চলাকালে শিবা শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও দাবি করেছেন তিনি। এসব অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।
শ্রদ্ধা দুবে ও তাঁর বোন রেশমির সন্ধান দিতে পারলে প্রত্যেকের জন্য ২৫ হাজার রুপি করে পুরস্কার ঘোষণা করেছে লখনৌ পুলিশ।
শিবা শর্মার মৃত্যুর ঘটনায় হত্যা ও আত্মহত্যা—দুই ধরনের বক্তব্য সামনে আসায় তদন্তের ফলাফলের দিকে নজর রয়েছে। পুলিশের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।