জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএইউএসটি), সৈয়দপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচির উদ্দেশ্য ছিল জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা, শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং জুলাই যোদ্ধাদের অবদান স্মরণ করা।
কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে বাদ জোহর জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত, আহত ও জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের জন্য রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় ছিল ‘জুলাই-২০২৪: সাহস, ত্যাগ ও বিজয়ের প্রতিচ্ছবি’। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের রচনা ও চিত্রকর্মে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ, দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় সৃজনশীলভাবে উঠে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিগুলো অনুষ্ঠিত হয়। আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ এবং জাতীয় ইতিহাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং জাতীয় ঐক্যের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।