শিরোনাম

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: মির্জা ফখরুল

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: মির্জা ফখরুল

সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে তাদের অধিকার প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অন্যতম সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ, যাদের ন্যায্য অধিকার দীর্ঘকাল ধরে উপেক্ষিত থেকেছে। সবচেয়ে বেদনাদায়ক বাস্তবতা হলো, অনেক ক্ষেত্রেই তাদের নিজের জমিই দখল হয়ে গেছে।

এই বাস্তবতা মাথায় রেখে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দিয়েছেন ১০০ কোটি টাকা—যা এই জনগোষ্ঠীর প্রতি সরকারের বিশেষ মনোযোগেরই প্রতিফলন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরের এই কর্মসূচিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে বিতরণ করা হয় ঘরের বরাদ্দপত্র, সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক।

মন্ত্রী বলেন, শুধু উন্নয়ন প্রকল্প নেওয়াই নয়—দেশের সব জনগোষ্ঠীকে সমান মর্যাদায় এগিয়ে নেওয়াই সরকারের মূল লক্ষ্য। তাঁর ভাষায়, "বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম বিভিন্ন সংসদীয় আসনে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ নানা সম্প্রদায়ের মানুষকে মনোনয়ন দেওয়া হয়েছে। জাতি-গোত্রের বিভেদ ঘুচিয়ে সব শ্রেণি-পেশা ও সম্প্রদায়ের মানুষকে এক কাতারে আনাই আমাদের লক্ষ্য।"

গত দেড় দশকের রাজনৈতিক কাঠামোর ক্ষতির প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারকে অনেক কিছুই নতুন করে গড়ে তুলতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে চালু হয়েছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও খাল খননের মতো জনকল্যাণমূলক নানা উদ্যোগ। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য পরিচালিত এই সহায়তা কর্মসূচিও সেই বৃহত্তর প্রয়াসেরই একটি অংশ বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর