বরিশালের গৌরনদীতে বসতঘরের ভেতর থেকে আব্দুল খালেক খন্দকার (৬০) নামের এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকার একটি তালাবদ্ধ কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আব্দুল খালেক খন্দকার ওই গ্রামের মৃত হোসেন খন্দকারের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে কর্মসূত্রে ঢাকায় থাকেন। আর তিনি গ্রামের বাড়িতে একাই বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে আব্দুল খালেককে দেখতে না পেয়ে এবং তাঁর ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তাঁরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় বিছানায় পড়ে থাকা অবস্থায় তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নুর আলম সরদার জানান, আব্দুল খালেক বিল্বগ্রাম বাজারের বিভিন্ন দোকানে পানি সরবরাহ করে জীবিকা নির্বাহ করতেন। গত সোমবারের পর তাঁকে আর বাজারে দেখা যায়নি। বুধবার সন্ধ্যায় প্রতিবেশীরা তাঁর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পান। পরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘরের দরজা ভেঙে বিছানায় পড়ে থাকা অবস্থায় বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে। তিনি বাড়িতে একাই থাকতেন।
ওসি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।