শিরোনাম
সেই বিএনপি নেতা গ্রেপ্তার

ফরিদপুরে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে পদত্যগ

ফরিদপুরে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে পদত্যগ

‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে’—ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়ে দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেওয়া ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বোরহান মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে বুধবার (২৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে মধুখালীর একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের আগে নিজের বাসার সামনে পুলিশি অবস্থানের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে ভিডিও বার্তা প্রকাশ করেন বোরহান। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫২ মিনিটের দিকে দেওয়া ওই ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে আওয়ামী লীগ আমলে যুবলীগ নেতা দাউদের দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

ভিডিও বার্তায় বোরহান বলেন, তার বাসায় সন্তানসম্ভবা স্ত্রী ও অসুস্থ মা থাকা অবস্থায় গভীর রাতে পুলিশ পাঠিয়ে তাকে হয়রানি করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে দলের ত্যাগী নেতাদের টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরে বোরহান আরও বলেন, তিনি কোনো হত্যা মামলার আসামি নন। কারাগার থেকে বের হয়ে খন্দকার নাসিরুল ইসলামের একক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেবেন। পাশাপাশি ফরিদপুর-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বিষয়টি নিয়ে বিচার দেওয়ার কথাও জানান তিনি।

এদিকে বোরহানের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজি, জিম্মি করে অর্থ আদায় এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলেছেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা।

তিনি অভিযোগ করেন, কয়েক মাস আগে কাশিয়ানীর দুই যুবককে আটকে রেখে তাদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে ৮৫ হাজার টাকা আদায় করা হয়। পুলিশের সহায়তায় তিনি ওই মোটরসাইকেল ও টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের ফিরিয়ে দিয়েছেন বলেও দাবি করেন সঞ্জয় সাহা।

এ ছাড়া কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং টাকা না দিলে ভাটা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগও করেন তিনি। তার দাবি, কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদের ছবি নামিয়ে ফেলার ঘটনাতেও বোরহান জড়িত ছিলেন।

সর্বশেষ গত রোববার মুসা চেয়ারম্যানকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ করেন সঞ্জয় সাহা।

তিনি বলেন, দলে কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে কমিটির বৈঠকে বসে বোরহানের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে বোরহানের কর্মকাণ্ডের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বোরহান কিছুদিন তার ব্যক্তিগত সহকারীর দায়িত্ব পালন করেছিলেন। তবে সম্প্রতি কিছু বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগে তাকে মৌখিকভাবে নিজের সঙ্গে থাকতে নিষেধ করা হয়।

খন্দকার নাসিরুল ইসলাম আরও দাবি করেন, গত দুই-তিন দিন ধরে বোরহান দলের সিনিয়র নেতাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে তার সঙ্গে কেউ যোগাযোগ না রাখার আহ্বান জানান তিনি। বোরহানের সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই বলেও উল্লেখ করেন সাবেক এই সংসদ সদস্য।

উল্লেখ্য, সম্প্রতি নিজের ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড প্রকাশ করে উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন বোরহান মাহমুদ। ওই ঘোষণায় ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ প্রকাশ করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দেন তিনি।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বোরহান মাহমুদ চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি। বুধবার দিবাগত গভীর রাতে মধুখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর