নীলফামারীর কিশোরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় গোডাউন ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যদুমনি গ্রামের একটি গোডাউনে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী।
জরিমানা করা ব্যক্তি আপন রায় (৩০)। তিনি পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের বিনয় চন্দ্রের ছেলে এবং ওই গোডাউনের ম্যানেজার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় কীটনাশক ব্যবসায়ী লুৎফর রহমান লুতুর গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়। পরে জননিরাপত্তার স্বার্থে এসব কীটনাশক গর্ত করে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
আইন লঙ্ঘনের দায়ে গোডাউনের ম্যানেজার আপন রায়কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিঠুন চন্দ্র দেব শর্মা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার ও ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।