‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে।
রোববার উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং সফল মৎস্যচাষিদের পুরস্কার প্রদান।
সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ পুকুরে গিয়ে শেষ হয়। সেখানে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবউল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু হানিফ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি আ. ওয়াদুদ লাভলু মুন্সি, প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম ও মৎস্যচাষ বিশেষজ্ঞ শিক্ষক মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা।
বক্তারা দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বাড়াতে মৎস্যচাষিদের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষি হিসেবে শিক্ষক মাহবুবুর রহমান, মো. আল-আমীন ও বিশ্বাস রফিকুর রহমানকে সনদপত্র ও ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়।