নীলফামারী সদর উপজেলায় অটো রাইস মিলের ছাই দিয়ে পরিবেশদূষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পিলার বাজারে অবস্থিত মেসার্স রাফি অটো মিলে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন।
আব্দুল্লাহ আল মামুন জানান, অটো রাইস মিলের ছাইয়ের কারণে পরিবেশদূষণ এবং ছাই ব্যবস্থাপনায় যথাযথ ব্যবস্থা না থাকার অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, মিলের মালিক আতিকুজ্জামান আতিক তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করেন।
পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।