বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের মোংলায় মাছের পোনা অবমুক্ত ও গাছের চারা রোপণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মোংলা উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী। পরে পুকুরপাড়ে একটি সোনালু গাছের চারা রোপণ করেন তিনি।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের কর্মী হিসেবে তিনি প্রতিষ্ঠাতাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ করা হয়েছে।
তিনি বলেন, মৎস্যসম্পদ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যা জরুরি। বিএনপির নেতাকর্মীদের গাছ লাগানো ও পরিচর্যার পাশাপাশি জলাশয়ে মাছ চাষে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রতিমন্ত্রী। তাঁর নেতৃত্বে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বর থেকে র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালি ও আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, শেখ রুস্তুম আলী, শাকির হোসেন, নাসির তালুকদার, গোলাম নুর জনি, বাবলু ভূইয়া ও মোস্তাফিজুর রহমান জনিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।