নীলফামারীর সৈয়দপুরে পচা-বাসী খাবার পরিবেশন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে দুটি হোটেলকে মোট আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে শহরের রংপুর সড়কে অবস্থিত দুটি অভিজাত খাবার হোটেলে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে হোটেলগুলোর রান্নাঘর, খাদ্য সংরক্ষণ ব্যবস্থা ও পরিবেশ পরীক্ষা করা হয়। এ সময় পচা-বাসী খাবার পরিবেশন এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের প্রমাণ পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় তাজির উদ্দিন হোটেলকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড এবং আল সামস হোটেলকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে চার মাসের কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরে দুই হোটেল কর্তৃপক্ষ ঘটনাস্থলেই জরিমানার অর্থ পরিশোধ করে।
অভিযানে সৈয়দপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর আলতাফ হোসেন সরকার, পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির হোসেন বলেন, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।