শিরোনাম

জলাবদ্ধ জমিতে পানিফলের সবুজ বিপ্লব, বদলে যাচ্ছে সাতক্ষীরার কৃষি অর্থনীতি

জলাবদ্ধ জমিতে পানিফলের সবুজ বিপ্লব, বদলে যাচ্ছে সাতক্ষীরার কৃষি অর্থনীতি

 সাতক্ষীরা প্রতিনিধি: একসময় জলাবদ্ধতা সাতক্ষীরার কৃষকদের জন্য ছিল বড় অভিশাপ। বর্ষা মৌসুমে বিস্তীর্ণ জমি পানিতে তলিয়ে থাকায় আমন ধানসহ প্রচলিত ফসলের আবাদ করা সম্ভব হতো না। বছরের পর বছর এসব জমি পড়ে থাকত অনাবাদি। তবে সেই জলাবদ্ধ জমিই এখন কৃষকদের কাছে সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে। জলাবদ্ধ ও পতিত জমিতে পানিফল (স্থানীয়ভাবে পানিসিঙাড়া) চাষ করে বদলে যাচ্ছে অনেক কৃষক পরিবারের অর্থনৈতিক অবস্থা।

বিশেষ করে জেলার দেবহাটা, কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে লাভজনক এ চাষ। মাঠজুড়ে পানিফলের সবুজ পাতার বিস্তার, ক্ষেত থেকে ফল সংগ্রহ, বাছাই ও বাজারজাতকরণ—সব মিলিয়ে এসব এলাকায় সৃষ্টি হয়েছে কৃষি অর্থনীতির নতুন কর্মচাঞ্চল্য। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি সাতক্ষীরার পানিফল যাচ্ছে ঢাকা, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

চাষিরা জানান, পানিফল চাষ শুরু হয় ভাদ্র-আশ্বিন মাসে। ফল সংগ্রহ করা হয় অগ্রহায়ণ-পৌষ মাসে। পানিফল কচি অবস্থায় লাল, পরে সবুজ এবং পরিপক্ব হলে কালো রং ধারণ করে। ফলটির নরম খোসা ছাড়ালেই পাওয়া যায় হৃদ্‌পিণ্ডাকার বা ত্রিভুজাকৃতির সাদা শাঁস। কাঁচা ফলের নরম শাঁস খেতে বেশ সুস্বাদু। পানিফল কাঁচা খাওয়ার পাশাপাশি সিদ্ধ করেও খাওয়া যায়। একই জমিতে পানিফল চাষের পাশাপাশি দেশি প্রজাতির বিভিন্ন ধরনের মাছ চাষ করেও বাড়তি আয় করছেন কৃষকেরা।

দেবহাটা উপজেলার সখিপুর, কোঁড়া, পারুলিয়া, গাজীরহাট, কামটা, কুলিয়া, বহেরা ও দেবহাটা সদর এলাকার বিভিন্ন জলাবদ্ধ জমি ও জলাশয়ে পানিফলের চাষ হচ্ছে। অনেক কৃষক দীর্ঘদিন ধরে জলাবদ্ধ জমিতে পানিফল চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। অন্যদিকে এ চাষের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে অসচ্ছল ও কর্মহীন নারীদের। সচল হচ্ছে অনেক নারীর সংসারের চাকা।

দেবহাটার সখিপুর এলাকার পানিফলচাষি সরদার মুকুল হোসেন জানান, জলাবদ্ধতার কারণে তাঁর জমিতে অন্য ফসলের আবাদ করা সম্ভব হয় না। তাই কয়েক বছর ধরে তিনি পানিফল চাষ করছেন। চলতি মৌসুমে ১০ বিঘা জমিতে পানিফলের আবাদ করেছেন। প্রতি বিঘায় উৎপাদন খরচ হয়েছে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা। খরচ বাদ দিয়ে বিঘাপ্রতি প্রায় ২০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি।

সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের সখিপুর ডেল্টা মোড়ের পানিফল ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, ক্ষেত থেকে প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা দরে পানিফল কিনে ১০ টাকা লাভে বিক্রি করেন তিনি। এতে ভালো আয় হয়। প্রতিদিন তাঁর আয় ৭০০ থেকে ৯০০ টাকা। পাঁচ সদস্যের অভাব-অনটনের সংসার এখন এ ব্যবসার আয়েই ভালোভাবে চলছে। অনেক পাইকারি ব্যবসায়ী কৃষকদের পানিফল চাষে আগাম অর্থও বিনিয়োগ করেছেন।

ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, তিনি ১০ জন কৃষকের কাছে আগাম অর্থ বিনিয়োগ করেছেন। তাঁদের কাছ থেকে তুলনামূলক কম দামে ক্ষেতের পানিফল সংগ্রহ করে ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেট ও বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে পাঠান। এতে ভালো লাভ হয়।

কুলিয়া এলাকার কৃষক সামছুর রহমান জানান, ১০ বছরের বেশি সময় ধরে তিনি পানিফল চাষ করছেন। এ বছর ১০ বিঘা জমিতে চাষ করেছেন। বিঘাপ্রতি ১৫ থেকে ২০ মণ ফলন পাচ্ছেন। মৌসুমের শুরুতেই প্রতি কেজি ৪০ টাকা দরে পাইকারি বিক্রি করে লাভবান হচ্ছেন তিনি। একই জমিতে দেশি প্রজাতির মাছও চাষ করছেন। মাছ বিক্রি করেও বাড়তি আয় হচ্ছে।

দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান জানান, পানিফল চাষের অর্থনৈতিক গুরুত্ব দিন দিন বাড়ছে। গত বছরের তুলনায় চলতি মৌসুমে এ চাষের পরিধি বেড়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে চাষিদের প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও মাঠপর্যায়ে সহযোগিতা দেওয়া হচ্ছে। জলাবদ্ধ জমিকে উৎপাদনের আওতায় আনতে পানিফল চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কৃষি বিভাগ জানায়, জেলার কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকাতেও ছড়িয়ে পড়েছে পানিফল চাষ। উপজেলার গোয়ালচাতর, গোপীনাথপুর, কুশোডাঙ্গা, তেলকাড়া, কেড়াগাছী ও মুরারিকাটিসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধ জমিতে এ ফলের আবাদ হচ্ছে। বিশেষ করে গোপীনাথপুর এলাকায় প্রায় ৬ হেক্টর জমিতে পানিফলের চাষ হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, কলারোয়া উপজেলায় চলতি মৌসুমে প্রায় ২০ হেক্টর জমিতে এ ফলের আবাদ হয়েছে।

কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল হক জানান, জলাবদ্ধ ও পতিত জমিতে পানিফল চাষের আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় কৃষকেরা এ চাষে সফলতা পাচ্ছেন। ফলটির চাহিদা বাড়ায় কৃষকদের মধ্যেও নতুন করে উৎসাহ সৃষ্টি হয়েছে।

উপজেলার গোপীনাথপুর এলাকার কৃষকেরাও ভালো ফলন ও বাজারদর পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। মৌসুমের শুরু থেকেই স্থানীয় বাজারে পানিফল বিক্রি হচ্ছে। উৎপাদন ও বাজারজাতকরণের সুযোগ বাড়লে এ চাষ আরও সম্প্রসারিত হবে বলে আশা করছেন তাঁরা।

অন্যদিকে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন জলাবদ্ধ ও নিচু এলাকাতেও পানিফলের চাষ সম্প্রসারিত হচ্ছে। দীর্ঘদিন ধরে জলাবদ্ধ থাকায় এসব জমিতে অন্য ফসল উৎপাদন কঠিন। এ কারণে বিকল্প হিসেবে পানিফল চাষের দিকে ঝুঁকছেন কৃষকেরা।

সদর উপজেলার লাবসা এলাকার চাষি আব্দুর রহিম, কবির হোসেন ও বিজয় কুমার জানান, পানিফল চাষে তুলনামূলক কম খরচ হয়। সঠিক পরিচর্যা ও অনুকূল আবহাওয়া থাকলে ভালো ফলন পাওয়া যায়। ক্ষেত থেকেই পাইকাররা ফল কিনে নেওয়ায় অনেক ক্ষেত্রে বাজারজাতকরণ নিয়েও কৃষকদের খুব বেশি চিন্তা করতে হয় না।

স্থানীয় চাষি মো. শাহবুদ্দিন ও ইয়াকুব্বর আলী জানান, পানিফলের খুচরা বাজারদর প্রতি কেজি ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত ওঠানামা করে। পাইকারি বাজারে দাম তুলনামূলক কম। উৎপাদিত ফল স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় পানিফল চাষের পরিধি প্রতিবছর বাড়ছে। ২০২১-২২ অর্থবছরে ১০৬ হেক্টর, ২০২২-২৩ অর্থবছরে ১৪২ হেক্টর, ২০২৩-২৪ অর্থবছরে ১৫০ হেক্টর এবং ২০২৪-২৫ অর্থবছরে ১৬৪ হেক্টর জমিতে পানিফলের আবাদ হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে আবাদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫০ হেক্টরে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ইকবাল আহমেদ জানান, পানিফল চাষের ফলে জলাবদ্ধ জমির ব্যবহার নিশ্চিত হচ্ছে। পাশাপাশি কৃষি শ্রমিক ও নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটছে।

তিনি আরও জানান, পানিফল পুষ্টিগুণসমৃদ্ধ একটি ফল। অনুকূল আবহাওয়া থাকলে চলতি মৌসুমে সাতক্ষীরায় পানিফল কেনাবেচার পরিমাণ প্রায় ১০০ কোটি টাকায় পৌঁছাতে পারে বলে আশা করা হচ্ছে।

নারী শ্রমিকদের জীবনে নতুন আশার আলো

পানিফল চাষ শুধু কৃষকদের আয় বাড়াচ্ছে না, গ্রামীণ নারী ও অসচ্ছল পরিবারের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করছে। ক্ষেত পরিচর্যা, ফল সংগ্রহ, বাছাই ও বাজারজাতকরণের বিভিন্ন কাজে নিয়োজিত রয়েছেন নারী শ্রমিকেরা।

দেবহাটার কুলিয়া এলাকায় পানিফলের ক্ষেতে কাজ করা নারী শ্রমিক সুফিয়া খাতুন, আম্বিয়া খাতুন, ঝর্ণা দাস ও কবিতা দাস জানান, সকাল ৬টা থেকে দুপুর পর্যন্ত কাজ করে তাঁরা ৩০০ টাকা মজুরি পান। স্বামীহারা এসব নারীর সংসার চলে মূলত নিজেদের শ্রমের উপার্জনে।

এমন অনেক নারী শ্রমিকের কাছে পানিফলের ক্ষেত এখন জীবিকা নির্বাহের অন্যতম অবলম্বন। মৌসুমি এ কর্মসংস্থান তাঁদের সংসারের দৈনন্দিন খরচ মেটাতে সহায়তা করছে।

পানিফলের মৌসুমে বর্তমানে সাতক্ষীরার বিভিন্ন সড়কের পাশে, হাটবাজারে এবং উৎপাদন এলাকার আশপাশে ফল বিক্রির দৃশ্য চোখে পড়ে। অনেক কৃষক সরাসরি ক্ষেত থেকে ফল বিক্রি করছেন। আবার পাইকারি ব্যবসায়ীরা ক্ষেত থেকে ফল সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠাচ্ছেন।

চাষিদের তথ্য অনুযায়ী, একটি জমি থেকে মৌসুমে কয়েক দফায় ফল সংগ্রহ করা যায়। ফলে ফলন শুরু হলে দীর্ঘ সময় ধরে বিক্রির সুযোগ থাকে। উৎপাদন ও বাজারদর ভালো থাকলে কৃষকেরা লাভবান হন।

পানিফল চাষের সম্ভাবনা বাড়লেও এ খাতে কিছু সমস্যা রয়েছে। উন্নত জাতের বীজ ও চারা সহজলভ্য করা, চাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, সংরক্ষণ ও পরিবহনব্যবস্থার উন্নয়ন এবং ন্যায্যমূল্য নিশ্চিত করা জরুরি। বিশেষ করে উৎপাদনের ভরা মৌসুমে বাজারদর কমে গেলে কৃষকেরা ক্ষতির মুখে পড়তে পারেন।

কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, পানিফল চাষ আরও পরিকল্পিতভাবে সম্প্রসারণ করা গেলে সাতক্ষীরার জলাবদ্ধ জমি কৃষি উৎপাদনের নতুন সম্পদে পরিণত হতে পারে। পাশাপাশি এ ফলের প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণের ব্যবস্থা গড়ে উঠলে কৃষকেরা আরও বেশি লাভবান হবেন।

কৃষি উদ্যোক্তা ও অবসরপ্রাপ্ত কৃষিবিদ মো. আমজাদ হোসেন জানান, সাতক্ষীরার দেবহাটা, কলারোয়া ও সদর উপজেলার জলাবদ্ধ জমিতে পানিফল চাষ এখন কৃষি অর্থনীতির সম্ভাবনাময় একটি খাত। যে জলাবদ্ধতা একসময় কৃষকদের দুর্ভোগের কারণ ছিল, সেই পানিই এখন অনেক পরিবারের জীবিকা ও স্বাবলম্বী হওয়ার পথ তৈরি করছে। যথাযথ সরকারি সহযোগিতা, বাজার ব্যবস্থাপনা ও পরিকল্পিত সম্প্রসারণ নিশ্চিত করা গেলে সাতক্ষীরার পানিফল একদিন দেশের কৃষিপণ্যের বাজারে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর