পাবনার আটঘরিয়ার একদন্তে আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আদম আলী ষাটগাছা গ্রামের বাসিন্দা এবং একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তিনি একটি হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামি ছিলেন বলে জানা গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে একদন্ত হাট থেকে বাজার করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আদম আলী। পথে চণ্ডীপাশা এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে।
এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।