জাতীয় সংসদে নারী ও শিশুর অধিকার রক্ষা এবং তাদের সামগ্রিক কল্যাণে নতুন করে গতি সঞ্চারের প্রত্যাশা তৈরি হয়েছে। ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সংরক্ষিত নারী আসন-৩০৭ (নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা) এর সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাকে গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটির সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করা হয়। সেলিমা রহমান এমপিকে সভাপতি করে গঠিত কমিটির অন্যান্য সদস্য হলেন মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপি ও রাশেদা বেগম হীরা এমপি।
সংশ্লিষ্টদের মতে, অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের বাস্তবতার সমন্বয়ে গঠিত এই কমিটি দেশের নারী ও শিশুদের সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণে নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কমিটির সদস্য মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়ায় বিলকিস ইসলাম স্বপ্না এমপি বলেন, তৃণমূল পর্যায় থেকেই নারী ও শিশুদের কল্যাণে কাজ করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা এলাকার সামাজিক বাস্তবতায় বাল্যবিয়ে ও যৌতুকের মতো দীর্ঘদিনের সমস্যার বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, নিজ নির্বাচনী এলাকার অবহেলিত নারী ও শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় পর্যায়ে তাদের সমস্যাগুলো নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরতে কাজ করবেন।
বিলকিস ইসলাম স্বপ্না সংসদীয় কমিটির সদস্য মনোনীত হওয়ায় নীলফামারী, সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকায় আনন্দের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুশীল সমাজ ও রাজনৈতিক নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
স্থানীয়দের প্রত্যাশা, মাঠপর্যায়ের মানুষের সঙ্গে সম্পৃক্ত একজন জনপ্রতিনিধি সংসদের নারী ও শিশু বিষয়ক গুরুত্বপূর্ণ কমিটিতে যুক্ত হওয়ায় উত্তরাঞ্চলের নারী ও শিশুদের নানা সমস্যা আরও গুরুত্বের সঙ্গে জাতীয় পর্যায়ে উঠে আসবে। বিশেষ করে বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন, শিশু সুরক্ষা ও নারীর ক্ষমতায়নের মতো বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হবে।
এখন সংসদের নীতিনির্ধারণী পর্যায় থেকে তৃণমূলের বাস্তবতা কতটা প্রতিফলিত হয় এবং নারী ও শিশু অধিকার রক্ষায় নতুন এই কমিটি কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে—সেদিকেই তাকিয়ে নীলফামারীসহ চার উপজেলার মানুষ।