সুন্দরবনের কয়রা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলিসহ জলদস্যুদের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে খুলনার কয়রা থানার ৫ নম্বর কয়রা পাড়পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কয়রা এলাকার কেরামত গাজীর ছেলে হাফিজুর রহমান (৩৭) এবং জামাল ফারুকের ছেলে আব্দুর রহিম (২৬)।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৬-এর একটি আভিযানিক দল প্রথমে ওই দুই ব্যক্তিকে আটক করে। পরে গ্রেপ্তার হাফিজুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে জলদস্যু দলের কথিত প্রধান ইয়াদ আলী পাড়ের (পিতা: মহরালী পাড়) বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় দস্যুতার কাজে ব্যবহৃত চারটি আগ্নেয়াস্ত্র, ২৫ রাউন্ড শটগানের গুলি ও ৪৬০ রাউন্ড এয়ারগানের গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, হাফিজুর রহমান জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করতেন। অন্যদিকে, আব্দুর রহিম জলদস্যুদের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় রসদ সরবরাহের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গতিবিধি সম্পর্কে তথ্য দিতেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কয়রা থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।