শিরোনাম

মানসম্মত বই দিতে ব্যর্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় ছাত্র ফেডারেশন

মানসম্মত বই দিতে ব্যর্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় ছাত্র ফেডারেশন

শিক্ষার্থীদের হাতে মানসম্মত পাঠ্যবই তুলে দিতে ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশন। একইসঙ্গে ভুলে ভরা পাঠ্যবই প্রত্যাহার করে নতুন বই সরবরাহ, কাগজ ও শিক্ষা উপকরণের দাম কমানো, মেট্রোরেলের ভাড়া হ্রাস এবং শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া চালুর দাবিও জানিয়েছে সংগঠনটি।

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত সমাবেশ থেকে এসব দাবি তুলে ধরেন ছাত্র ফেডারেশনের নেতারা। সংগঠনটির কেন্দ্রীয় কর্মসূচিতে অন্যান্য ছাত্রসংগঠনের নেতারাও বক্তব্য দেন। সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান। বক্তব্যে তিনি সরকারের অর্থনৈতিক নীতি, দুর্নীতি এবং পাঠ্যবইয়ের মান নিয়ে সমালোচনা করেন।

মশিউর রহমান খান অভিযোগ করেন, সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের অর্থ পাচারের সুযোগ দেওয়ার ফলে দেশের অর্থনীতি সংকটের মুখে পড়েছে। এই সংকটের দায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর চাপানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পাঠ্যবইয়ের মান নিয়ে সমালোচনা করে তিনি বলেন, নতুন বছরের বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নিম্নমানের ও ভুলে ভরা বই তুলে দেওয়া হয়েছে। এমনকি পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের হাতে দ্বিতীয় শ্রেণির বই দেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। শিক্ষার্থীদের চোখের সমস্যা নিয়ে উন্নত মানের কাগজ ব্যবহারের বিষয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন ছাত্র ফেডারেশনের সভাপতি।

তিনি বলেন, শিক্ষার্থীদের হাতে যথাসময়ে মানসম্মত পাঠ্যবই তুলে দিতে না পারার ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।

কাগজ ও শিক্ষা উপকরণের মূল্যবৃদ্ধির প্রসঙ্গ তুলে মশিউর রহমান খান বলেন, দেশে কাগজের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে এবং আন্তর্জাতিক বাজারের তুলনায় বেশি দামে কাগজ বিক্রি হচ্ছে। এতে শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় বাড়ার পাশাপাশি প্রকাশনা প্রতিষ্ঠানগুলোও সংকটে পড়েছে। এ পরিস্থিতিতে কাগজের দাম কমাতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন তিনি।

মেট্রোরেলের ভাড়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ছাত্র ফেডারেশনের সভাপতি। তাঁর অভিযোগ, মেট্রোরেল চালু হলেও শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ব্যবস্থা করা হয়নি। শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করার দাবি জানান তিনি।

এ ছাড়া ক্যাম্পাসগুলোতে গণরুম ও গেস্টরুমকেন্দ্রিক নির্যাতনের অভিযোগ তুলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও ভীতিমুক্ত শিক্ষাঙ্গন নিশ্চিত করার আহ্বান জানান তিনি। এ দাবিতে ভবিষ্যতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন মশিউর রহমান খান।

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ছাত্রলীগের (জেএসডি) সহসভাপতি গোলাম ফারুক, ভাসানী ছাত্র পরিষদের প্রধান সমন্বয়ক শাকিল আহমেদ, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় নেতা ইলিয়াস জামান ও ফারহানা মুনা, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক হাসান আল মেহেদী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক প্রমুখ।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর