‘জনগণকে বিভ্রান্ত না করে গঠনমূলক রাজনীতিতে ফিরতে হবে’। জ্বালানি সংকট নিয়ে অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত না করার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকার জ্বালানি সংকট সৃষ্টি করেনি। বরং পূর্ববর্তী সরকারের সময় জ্বালানি খাতে তৈরি হওয়া বিভিন্ন সংকট ও অনিয়মের প্রভাব এখনো বহন করতে হচ্ছে। সংকট মোকাবিলায় সরকার বিকল্প ও বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে। প্রয়োজনে নতুন উৎস থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানান তিনি।
তিনি বলেন, বিরোধী দল অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। গঠনমূলক রাজনীতি করতে হলে সংসদে ফিরে আসতে হবে। একই সঙ্গে জ্বালানি সংকট নিয়ে দেশের মানুষকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা অংশ নেন। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বর্ণাঢ্য আনন্দ র্যালি, বৃক্ষরোপণ এবং বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।