ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দিল যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা’—এ মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন বাড়িতে উদ্যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা উৎসব।
ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় প্রতিবছর এ উৎসব পালন করেন বোনেরা। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। সাধারণত কালীপূজার পর দ্বিতীয় দিনে এ উৎসব উদ্যাপন করা হয়।
ভাইফোঁটা মূলত ভাই-বোনের মধুর সম্পর্ক ও ভালোবাসার বন্ধন উদ্যাপনের একটি ধর্মীয় ও সামাজিক উৎসব। এদিন বোনেরা ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাঁর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন। এ সময় ধান-দূর্বা ও আতপ চাল দিয়ে ভাইকে বরণ, মন্ত্র উচ্চারণ, প্রদীপ প্রজ্বালন এবং উপহার বিনিময়সহ নানা রীতি পালন করা হয়।
প্রতিবছরের মতো এবারও বুধবার (১১ নভেম্বর) ফকিরহাট উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বাড়িতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভাইফোঁটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় কয়েকজন অভিভাবক জানান, এদিন বোনেরা ভাইয়ের চোখে কাজল পরিয়ে দেন এবং কপালে চন্দনের ফোঁটা ও ধান-দূর্বা দিয়ে আশীর্বাদ করেন। ভাইয়ের মঙ্গল কামনায় ধূপ ও প্রদীপ জ্বালানো হয়। পাশাপাশি উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখর হয়ে ওঠে বাড়ির পরিবেশ। বিভিন্ন ধরনের খাবারের আয়োজনের পাশাপাশি ভাই-বোনেরা পরস্পরকে উপহারও দিয়ে থাকেন।