এক নারী কর্মকর্তাকে গভীর রাতে ২৪ বার ফোন দেওয়া এবং তাঁর বাসার নিচে এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করার কথা জানিয়েছেন এক পুরুষ কর্মকর্তা। শুধু তাই নয়, ফোন রিসিভ না করায় ওই নারী কর্মকর্তার ব্যক্তিগত জীবন, গুরুত্ব ও আচরণ নিয়েও আপত্তিকর মন্তব্য করতে শোনা গেছে তাঁকে। সম্প্রতি প্রকাশ্যে আসা একটি অডিও কথোপকথনে উঠে এসেছে এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির চিত্র।
এই নারী কর্মকর্তা বর্তমানে ওয়াশায় সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।
অভিযুক্ত ওই কর্মকর্তার নাম মো. মশিউর রহমান খান। তিনি বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব হিসেবে কর্মরত। অভিযোগ রয়েছে, ঢাকা ওয়াসার সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ওই নারী কর্মকর্তার সঙ্গে এমন আচরণ করেছিলেন।
প্রকাশ্যে আসা অডিওতে পুরুষ কণ্ঠের ব্যক্তিকে বলতে শোনা যায়, তিনি ওই নারী কর্মকর্তাকে রাতে ২৪ বার ফোন করেছেন। এমনকি তাঁর বাসার নিচে এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করেছেন বলেও কথোপকথনে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে নারী কর্মকর্তা জানান, সকালে ফোনের কললিস্ট পরীক্ষা করে তিনি ২৪টি মিসড কল দেখতে পেয়েছেন। রাতে সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়ায় ফোন ধরতে পারেননি বলেও জানান তিনি। তাঁর সন্তানদের ভোর ৬টায় স্কুলে যেতে হয় বলে কথোপকথনে উল্লেখ করেন।
তবে নারী কর্মকর্তার এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে দেখা যায়নি পুরুষ কর্মকর্তাকে। তিনি দাবি করেন, জীবনে আর কাউকে এতবার ফোন করেননি। ওই নারীকে তিনি যতটা গুরুত্ব দিয়েছেন, অন্য কাউকে ততটা দেননি বলেও মন্তব্য করেন। ফোনের ভাইব্রেশন বুঝতে মোবাইল ফোন দুই পায়ের মাঝখানে রেখে ঘুমানোর পরামর্শও দিতে শোনা যায় তাঁকে।
কথোপকথনের একপর্যায়ে পুরুষ কর্মকর্তাকে বলতে শোনা যায়, তিনি ঢাকা ওয়াসার সচিব হিসেবে নয়, একজন মানুষ হিসেবে ওই নারীর বাসায় গিয়েছিলেন। রাতের বেলায় রিকশায় করে সেখানে যাওয়ার সময় সঙ্গে কোনো চালকও নেননি, যাতে কোনো ধরনের বিতর্ক তৈরি না হয়—এমন দাবিও করেন তিনি।
এ সময় ওই নারী কর্মকর্তার প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আগে তাঁকে ভালো মানুষ মনে করলেও এখন আর তাঁকে ভালো মানুষের সংজ্ঞার মধ্যে ফেলতে পারছেন না।
অন্যদিকে নারী কর্মকর্তা বারবার নিজের অবস্থান ব্যাখ্যা করে জানান, তিনি সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে কললিস্ট দেখে বিষয়টি জানতে পেরেছেন। কথোপকথনের শেষ দিকে পুরুষ কর্মকর্তাকে ‘ঠিক আছে, থ্যাংক ইউ’ বলতে শোনা যায়।
বদলি-পদায়নে অর্থ লেনদেনের অভিযোগ
মশিউর রহমান খানের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থক ও দলটির নেতাকর্মীদের সুবিধাজনক পদে বদলি এবং পদায়নের ক্ষেত্রে তিনি প্রভাব খাটিয়েছেন। এসব বদলি ও পদায়নের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগও সামনে এসেছে।
বক্তব্য পাওয়া যায়নি অভিযুক্ত কর্মকর্তার
অভিযোগগুলোর বিষয়ে মো. মশিউর রহমান খানের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি। পরে তাঁর হোয়াটসঅ্যাপে লিখিত বার্তা পাঠিয়েও কোনো উত্তর পাওয়া যায়নি।
অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
উঠছে প্রশাসনিক আচরণ ও জবাবদিহির প্রশ্ন
একজন সরকারি কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত আচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও জনস্বার্থের গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে একজন নারী সহকর্মীকে মধ্যরাতে বারবার ফোন করা, তাঁর বাসার নিচে দীর্ঘ সময় অপেক্ষা করা এবং ফোন না ধরার কারণে ব্যক্তিগত মন্তব্য করার বিষয়টি প্রশাসনিক শিষ্টাচার ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
অন্যদিকে বদলি-পদায়নে আর্থিক লেনদেনের অভিযোগ সত্য হলে তা সরকারি প্রশাসনে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহির গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।
এখন প্রশ্ন হচ্ছে, প্রকাশ্যে আসা অডিও কথোপকথনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো তদন্ত করবে কি না এবং বদলি-পদায়নে অর্থ লেনদেনের অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হবে কি না। জনস্বার্থে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।