অনলাইন ডেটিং সাইটে নারীদের ছবি ব্যবহার করে পুরুষদের প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে নগরের সেনবাড়ি এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তিনটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক নাঈম মণ্ডল (২৪), মনির হোসেন (২৩), মাসুদ আল মারুফ (২৫), তানভীর আহম্মেদ (২৫), জিল্লুর রহমান (২৭), মজনু (২৬) ও মো. রাকিব (২০)।
মঙ্গলবার বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান সংবাদ সম্মেলনে জানান, ‘মেগাপারসোনাল ডটকম’ নামের একটি ডেটিং সাইটে নারীদের ছবি ব্যবহার করে পুরুষদের ডেটিংয়ের প্রলোভন দেখানো হতো। পরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা নেওয়ার পর চ্যাটের অপর প্রান্তে নারীর পরিবর্তে চক্রের পুরুষ সদস্যরা নারী কণ্ঠে কথা বলতেন। এভাবে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল তাঁদের উদ্দেশ্য।
জব্দ করা ডিভাইসগুলো প্রাথমিকভাবে পরীক্ষা করে নারীদের ছবি, অশ্লীল ছবি ও বিভিন্ন ব্যক্তির মুঠোফোন নম্বর পাওয়া গেছে। পুলিশের ধারণা, গত তিন মাসে শতাধিক ব্যক্তি এই প্রতারণার শিকার হয়েছেন। চক্রটির সঙ্গে আরও কয়েকজনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।
এ ঘটনায় ডিবির এসআই যুবরাজ দাস বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। সাতজনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হলেও মঙ্গলবার রিমান্ড শুনানি হয়নি।
ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম জানান, গ্রেপ্তার নাঈম মণ্ডলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।