হামলার ভিডিও সংরক্ষিত মোবাইল ফোন ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার; ডিবির অভিযানে গ্রেপ্তার
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাতিলের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শরীফুল ইসলাম (২১), মাহমুদুন নবী (৩১) ও মেহেদী হাসান রাসেল (২৬)। এ সময় হামলার ভিডিও ফুটেজ সংরক্ষিত একটি মোবাইল ফোন ও নাশকতার কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাগেরহাটের পুলিশ সুপার জামিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সুপার জানান, ফকিরহাট উপজেলার বাহিরদিয়া গ্রামে মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাতিলের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হামলার ঘটনার ভিডিও ফুটেজ সংরক্ষিত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নাশকতার কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
অমিত পাল বাগেরহাট প্রতিনিধি