নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, প্রিপেইড মিটার বাতিলসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদ।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতারা। এর আগে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার ট্রাফিক মোড়ে সংগঠনের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক ঐক্য সংগ্রাম পরিষদের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন।
সংগঠনটির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—নেসকোর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, প্রিপেইড মিটার বাতিল, ডিমান্ড চার্জ প্রত্যাহার, মিটার ভাড়া বন্ধ, ৫০ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের জন্য স্বল্প হার নির্ধারণ এবং ভ্যাটের হার কমানো।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি মাহবুবুল আলম টুলু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আবু, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জলিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি আলিফ সিদ্দিকী প্রান্তসহ অন্যরা।
বিক্ষোভ মিছিলের পাশাপাশি পাঁচ দফা দাবির পক্ষে পথচারী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
সমাবেশে বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীন বলেন, ‘বিদ্যুতের ভেলকিবাজিতে (লোডশেডিং) মানুষ অতিষ্ঠ। প্রিপেইড মিটার জনগণকে চুষে খাচ্ছে। আমাদের দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’
তিনি আরও বলেন, ‘মানুষের মৌলিক চাহিদাগুলো যথাযথভাবে পূরণ করতে হবে। সীমান্তবর্তী উত্তরের এই জেলাকে উন্নয়নশীল জেলায় পরিণত করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।’
নেতারা বলেন, বিদ্যুতের অনিয়মিত সরবরাহ ও অতিরিক্ত ব্যয়ের কারণে সাধারণ মানুষ, শ্রমিক ও নিম্নআয়ের পরিবারগুলো চরম ভোগান্তিতে পড়ছেন। দ্রুত দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।