শিরোনাম

ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ কমেনি, মৃত্যু ১০

ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ কমেনি, মৃত্যু ১০

ঝালকাঠিতে ডেঙ্গুর প্রকোপ এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রতিদিনই নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। চলতি মৌসুমে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৪২ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ঝালকাঠি শহরের কাটপট্টি, বান্দা ঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক ও ফকির বাড়িসহ ৯টি এলাকাকে ডেঙ্গুর উচ্চঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়াতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছে পৌর কর্তৃপক্ষ।

তবে নানা উদ্যোগের পরও ডেঙ্গু পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৪২ জন রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ১৩ জন, রাজাপুরে ১৩ জন, নলছিটিতে ১১ জন এবং কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, জানুয়ারির শুরু থেকে এ পর্যন্ত জেলায় ২ হাজার ৩৪০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। তবে হাসপাতালে ভর্তি না হয়ে বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা সরকারি হিসাবের দ্বিগুণের বেশি হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

চলতি মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝালকাঠি শহরের কলাবাগান ও ফকির বাড়ি এলাকার তিন শিক্ষার্থীসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্তের হার এখনো কমেনি এবং প্রতিদিনই হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছেন। তবে চলতি মাসের শেষ দিকে বৃষ্টিপাত কমে এডিস মশার প্রজনন পরিস্থিতিতে পরিবর্তন এলে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমতে পারে বলে আশা করছেন তারা।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর