পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায় (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। বুধবার রাতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খগেশ্বর রায় উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দাড়ারপাড় এলাকার বাসিন্দা। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৫টার দিকে শিশুটি বাড়ির উঠানে ঝাড়ু দিচ্ছিল। এ সময় তার বাবা-মা ও ভাই বাড়িতে ছিলেন না। অভিযোগ অনুযায়ী, আবহাওয়া খারাপ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সুযোগে প্রতিবেশী খগেশ্বর রায় শিশুটির মুখ চেপে ধরে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ের নিচে খালের পাড়ে নিয়ে যান এবং ধর্ষণ করেন।
এ সময় প্রতিবেশী মঙ্গলী রানী কাজ শেষে বাড়ি ফেরার পথে ধস্তাধস্তি ও শিশুটির গোঙানির শব্দ শুনে ঘটনাস্থলে যান। তাঁকে দেখে অভিযুক্ত খগেশ্বর রায় পালিয়ে যান। পরে মঙ্গলী রানী শিশুটিকে উদ্ধার করে কোলে করে বাড়িতে নিয়ে যান।
খবর পেয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালটিতে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়।
পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে আনার পর মেডিকেল অফিসার ডা. মোছা. জান্নাতুন ফেরদৌস নিতু তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেছেন। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, শিশুটির পরিবারের করা মামলার পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।