চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আদালতে দণ্ডিত হওয়ার পরও রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা কীভাবে বলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আইনের প্রতি শ্রদ্ধা থাকলে শেখ হাসিনার আত্মসমর্পণ করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরা উচিত বলে মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আয়োজিত বিক্ষোভ মিছিলের আগে এসব কথা বলেন রিজভী।
শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারত থেকে দেশে ফিরতে চান এবং রাষ্ট্রীয় বিমান ব্যবহারের বিষয়ে তাঁর মুখপাত্র রয়টার্সকে যে তথ্য দিয়েছেন, সে প্রসঙ্গে রিজভী বলেন, আদালতে দণ্ডিত হওয়ার পরও রাষ্ট্রীয় বিমানে ফেরার কথা বলা প্রশ্নবিদ্ধ। আইনের প্রতি শ্রদ্ধা থাকলে আত্মসমর্পণ করে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজের বক্তব্য তুলে ধরা উচিত।
পেট্রাপোল সীমান্তে আওয়ামী লীগের চার নেতার ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে রিজভী প্রশ্ন তুলে বলেন, কীভাবে তাঁরা সেখানে দুই ঘণ্টা বৈঠক করলেন, এতে দিল্লির কোনো ইন্ধন ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি অভিযোগ করেন, কোথাও একটি পরিকল্পনা চলছে।
রিজভী বলেন, যারা জনগণকে হত্যা করতে পারে, তারা জনগণের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত ন্যায়সংগত বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি আরও অভিযোগ করেন, দেশের বাইরে থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে টোকাই ও কিশোর গ্যাংকে অগ্নিসংযোগে উসকানি দেওয়া হচ্ছে। বিএনপির তিন নেতাকর্মী হত্যার দায় পলাতক আওয়ামী লীগ নেতাদের ওপর চাপিয়ে তিনি বলেন, বাংলার মানুষ শান্ত হলেও প্রয়োজনে পদ্মার ঢেউয়ের মতো প্রবল হয়ে উঠতে পারে।
স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন রিজভী।