শিরোনাম

‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং’: তথ্য উপদেষ্টা

‘আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং’: তথ্য উপদেষ্টা

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনাকে তাঁর রাজনৈতিক অবস্থানের ‘অর্জন’ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের হেনস্তা ও একটি ‘মাফিয়া গ্যাংয়ের’ শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন।

জাহেদ উর রহমান বলেন, “আমি আজমেরী হক বাঁধনের উদ্দেশে বলব, এটা একধরনের অর্জন, সম্মান প্রাপ্তি যে আওয়ামী লীগের হেনস্তার শিকার হওয়া, একটা মাফিয়া গ্যাংয়ের শিকার হওয়া প্রমাণ করে আপনি সঠিক পথে ছিলেন।”

বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালিতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, সরকার বিষয়টি কোনোভাবেই ছেড়ে দেবে না। এ বিষয়ে সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

আওয়ামী লীগকে রাজনৈতিক দল মনে করেন না দাবি করে জাহেদ উর রহমান বলেন, ‘ইটস এ মাফিয়া গ্যাং।’ বাঁধনের ওপর হামলার ঘটনাকে তিনি তাঁর এ বক্তব্যের ‘প্রমাণ’ হিসেবেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে তাদের রাজনৈতিক অধিকার দেওয়ার বিষয়টি নতুন করে ভাবা প্রয়োজন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তথ্য উপদেষ্টা বলেন, তাঁর শাসনামলে সংঘটিত ঘটনাগুলোর পর যদি ন্যূনতম দুঃখবোধ বা রাজনীতিতে ফেরার ইচ্ছা থাকত, তাহলে এ ধরনের সহিংসতা ঘটত না।

অভিনেত্রী আজমেরী হক বাঁধন ফেসবুকে দেওয়া এক পোস্টে ইতালিতে হামলা ও হেনস্তার অভিযোগ করেন। এ ঘটনার একটি ভিডিওও তিনি প্রকাশ করেছেন। তাঁর দাবি, কয়েকজন হামলাকারী নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী এবং ‘বঙ্গবন্ধুর সৈনিক’ হিসেবে পরিচয় দেন।

বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকার কারণে তাঁকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তাঁকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

বাঁধন বর্তমানে ইতালির মেস্ত্রে শহরে অবস্থান করছেন। ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে তিনি ইতালি গেছেন।

অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে ভাই ও তাঁর পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে তাঁর ওপর হামলা ও হেনস্তার ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর