শিরোনাম
৪৩ হাজার ৩৯০ জন নিয়োগের আশ্বাস

স্বাস্থ্য খাতের জনবল সংকট কাটাতে বড় নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

স্বাস্থ্য খাতের জনবল সংকট কাটাতে বড় নিয়োগের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আগামী তিন মাসের মধ্যে স্বাস্থ্য খাতে বড় পরিসরে জনবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সাড়ে ৭ হাজার নার্স, আড়াই হাজার ডাক্তারসহ স্বাস্থ্য খাতে মোট ৪৩ হাজার ৩৯০ জন জনবল নিয়োগ দেওয়া হবে। এসব নিয়োগে ৮০ শতাংশ নারীকে অগ্রাধিকার দেওয়া হবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরেই জনবল সংকট রয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রতি ১১ থেকে ১২ হাজার মানুষের বিপরীতে মাত্র একজন ডাক্তার বা নার্স রয়েছেন। সীমিত জনবল নিয়েই স্বাস্থ্যকর্মীরা দিন-রাত রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। এই সংকট কাটাতে সরকার বড় পরিসরে নিয়োগের উদ্যোগ নিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে স্বাস্থ্য খাতে যেসব অনিয়ম হয়েছে, সেগুলো দূর করে জনগণের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। বিশেষ করে মিডওয়াইফ ও কেয়ারগিভিং-সংশ্লিষ্ট জনবল নিয়োগে গুরুত্ব দেওয়া হবে।

সিলেটের হাসপাতালগুলোর ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার সমস্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ভুলভ্রান্তি বা সমস্যা থাকলে তা দ্রুত সংশোধন করা হবে। তিনি আশা প্রকাশ করেন, সাত দিনের মধ্যে হাসপাতালগুলোর ড্রেনেজ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হবে।

এ ছাড়া সিলেটে নির্মাণাধীন ও অনুমোদিত অন্যান্য সরকারি হাসপাতালের কাজ দ্রুত শেষ করে শিগগিরই সেগুলো চালুরও ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সময়মতো কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী সাত কর্মদিবসের মধ্যে চিকিৎসকদের সময়ানুবর্তিতা নিশ্চিত করা হবে বলেও জানান মন্ত্রী।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট হাসপাতালের চিকিৎসকরা।

এর আগে সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মকর্তা, জ্যেষ্ঠ চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি সেবার মান বাড়ানো এবং রোগীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। সভায় স্থানীয় বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর