শিক্ষা খাতের অতীতের অনিয়ম ও দুর্নীতির অপচেষ্টা বন্ধ করে শিক্ষার প্রকৃত মান ফিরিয়ে আনতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অতীতে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের পাঠদানের পরিবর্তে প্রাইভেট ও টিউটোরিয়ালনির্ভর করার একটি প্রবণতা তৈরি হয়েছিল। শিক্ষার মানোন্নয়নের নামে এ ধরনের ভুল চর্চা ও অনিয়ম প্রকৃত শিক্ষাব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে কাজ করছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, এবারের ফলাফলে একটি বিষয় স্পষ্ট হয়েছে—যারা নিয়মিত পড়াশোনা করেছে এবং মেধা ও পরিশ্রমের মাধ্যমে পরীক্ষায় অংশ নিয়েছে, তারাই কাঙ্ক্ষিত ফল অর্জন করেছে। আগামী প্রজন্মকে আরও বেশি পড়াশোনামুখী করতে হবে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে মনোযোগী হওয়ার পাশাপাশি নিজেদের যোগ্যতা ও মেধার বিকাশে নিয়মিত অধ্যয়ন করতে হবে।
শিক্ষা খাতে অনিয়ম ও দুর্নীতি রোধে সরকারের অবস্থান তুলে ধরে ফরহাদ হোসেন আজাদ বলেন, শিক্ষার নামে কোনো ধরনের অনিয়ম কিংবা ভুল চর্চাকে প্রশ্রয় দেওয়া হবে না। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
এর আগে প্রতিমন্ত্রী পত্রিকাটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন এবং স্বাগত বক্তব্য দেন।
অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির দেলোয়ার হুসাইন, পঞ্চগড় জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাজমুল ইসলাম কাজল এবং দৈনিক পঞ্চগড় খবর-এর সম্পাদক ও প্রকাশক মোশারফ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিএনপি, জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।