শিরোনাম

বারবার আবেদনেও জামিন অধরা, কারাগারেই থাকতে হচ্ছে এমপি গাজী নজরুলকে

বারবার আবেদনেও জামিন অধরা, কারাগারেই থাকতে হচ্ছে এমপি গাজী নজরুলকে

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের জামিন আবেদন ফের নাকচ করেছেন আদালত। বুধবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, গাজী নজরুল ইসলামের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান জামিন আবেদন করেন। শুনানিতে তিনি আদালতকে জানান, মামলার বাদী ও মরিয়ম খাতুনের বাবা এস এম মাসুম বিল্লাহর সঙ্গে আসামিপক্ষের সমঝোতা হয়েছে। এ কারণে জামিনের বিষয়ে বাদীপক্ষের কোনো আপত্তি নেই।

শুনানির একপর্যায়ে বাদী আদালতে উপস্থিত হয়ে জামিনে আপত্তি না থাকার কথা জানান। তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত আবেদনটি মঞ্জুর করেননি। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

যেভাবে মামলার সূত্রপাত

মামলার বিবরণ অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর সংসদ ভবনের বিপরীতে অবস্থিত ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই তাঁর বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম, তাঁর প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য গাজী নজরুল ইসলামকে দুই দফায় মোট আট দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এর আগে গত ৩০ সেপ্টেম্বরও গাজী নজরুল ইসলামের জামিন আবেদন নাকচ হয়েছিল। তবে একই দিন মামলার অপর আসামি মাকসুদা ইসলাম জামিন পান। অন্য আসামি ওবায়দুর রহমানও কারাগারে রয়েছেন।

মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন। এ ঘটনায় আনা অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর