সাতক্ষীরার কালীগঞ্জে নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধার করতে গিয়ে আরও দুইজন গুরুতর অসুস্থ হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে তরিকুল ইসলামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরেয়া গ্রামের সোনা সরকারের ছেলে রাজমিস্ত্রি মহানন্দ সরকার (৩৫) ও একই গ্রামের মনি পাড়ের ছেলে স্কুলছাত্র আরাফাত হোসেন (১৬)। অসুস্থরা হলেন তারালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন আলী ও জামাল হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকের ঢালাইয়ের সেন্টারিং খোলার কাজ করতে গিয়ে প্রথমে ভেতরে প্রবেশ করেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। কিছুক্ষণ পর তাঁর চিৎকার শুনে উদ্ধারে ট্যাংকে নামেন স্কুলছাত্র আরাফাত। তবে ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে দুজনই অসুস্থ হয়ে পড়েন এবং একপর্যায়ে মারা যান।
পরে তাঁদের উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যান হোসেন আলী ও জামাল হোসেনসহ কয়েকজন। উদ্ধারচেষ্টা করতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে তাঁরাও অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।