বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত প্রবিধানমালা, ২০২৬ এখনো চূড়ান্ত হয়নি। এ কারণে নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়া পর্যন্ত এসব কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন করা হয়। কলেজ পর্যায়ে এ কমিটি গভর্নিং বডি এবং মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ম্যানেজিং কমিটি নামে পরিচিত। সাধারণত শিক্ষা বোর্ডের মাধ্যমে এসব কমিটি গঠন করা হয়।
নতুন প্রবিধানমালা চূড়ান্ত হওয়ার পর পরবর্তী নির্দেশনার ভিত্তিতে কমিটি গঠনের কার্যক্রম পুনরায় শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।জরুরি এ বিজ্ঞপ্তির অনুলিপি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, সব শিক্ষাবোর্ডের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের কাছে পাঠানো হয়েছে।