শিরোনাম

নান্দিনায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নান্দিনায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

জামালপুর সদর উপজেলার নান্দিনা পূর্বপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) সকালে নান্দিনা পূর্বপাড়ায় মনির হোসেনের বাড়ির তৃতীয় তলার একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শারমিন আক্তার জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার হাসেম মিয়ার মেয়ে। তাঁর স্বামী জহুরুলের বাড়ি শ্রীপুর ইউনিয়নের কুমারিয়া এলাকায়। স্বামী-স্ত্রী নান্দিনা পূর্বপাড়ায় মনির হোসেনের বাড়ির দুই কক্ষের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৮টা থেকে সাড়ে ৮টার দিকে শারমিনের স্বামী জহুরুল এক আত্মীয়কে ফোন করে জানান, ফ্ল্যাটের একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।

খবর পেয়ে শারমিনের বাবার বাড়ির লোকজন ও আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছান। পরে কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে শারমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁকে নিচে নামানোর পর স্বজনরা তাঁর মৃত্যু নিশ্চিত করেন।

খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়ার পাশাপাশি তদন্ত চলছে।

তবে শারমিনের মৃত্যুর পেছনে কী কারণ ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর