শিরোনাম

যশোরে ১৫টি স্বর্ণের বারসহ ৩ কারবারি আটক

যশোরে ১৫টি স্বর্ণের বারসহ ৩ কারবারি আটক

যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা মূল্যের ১৫টি স্বর্ণের বারসহ তিন কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের ওজন ১ কেজি ৭৮০ গ্রাম।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর এলাকায় ৪৯ বিজিবি ব্যাটালিয়নের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় স্বর্ণের বার বহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালি গ্রামের আনোয়ার আলীর ছেলে হাবিবুর রহমান (২৫), কেড়াগাছি গ্রামের আবুল কালামের ছেলে সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে হেদায়েতুর রহমান (৩৮)।

শুক্রবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে পাকা সড়ক থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের শরীরে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন তারা।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা। এ ছাড়া ২৩ গ্রাম রৌপ্য, যার মূল্য ৭ হাজার টাকা, ৩২ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৪৮ হাজার টাকা মূল্যের চারটি মোবাইল ফোন, ৩ হাজার টাকা মূল্যের দুটি হাতঘড়ি এবং নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর