শিরোনাম

সীমান্তে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা, পেট্রাপোল ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

সীমান্তে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা, পেট্রাপোল ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন সেন্টারে অবস্থান করেছেন বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের চার শীর্ষ নেতা।

রোববার (২২ নভেম্বর) তারা সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। এ সময় কী বিষয়ে আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁয় পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে রোববার দুপুরে একটি সাদা গাড়িতে করে আওয়ামী লীগের ওই নেতারা পৌঁছান। তাদের মধ্যে ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর তারা কলকাতার উদ্দেশে রওনা হন।

ইমিগ্রেশন সেন্টারে তাদের অবস্থান ও আলোচনার বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া না গেলেও, গণমাধ্যমটির প্রতিবেদনে ঘটনাটিকে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার প্রস্তুতির সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি নাইন বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে একটি সীমান্তপথের ওপর নির্ভর না করে বিকল্প পথের সম্ভাবনাও খতিয়ে দেখছেন আওয়ামী লীগ নেতারা। এ লক্ষ্যে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাদের।

প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার আওয়ামী লীগের নেতাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাতায়াতের পথ ও সীমান্তবর্তী এলাকা পরিদর্শনের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এদিকে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তার বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে আওয়ামী লীগের একটি অংশের মধ্যে আলোচনা চলছে বলে ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদনে দাবি করা হয়েছে।

তবে পেট্রাপোল ইমিগ্রেশন সেন্টারে আওয়ামী লীগ নেতাদের অবস্থান কিংবা সেখানে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে ভারতীয় অভিবাসন দপ্তর, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও পেট্রাপোল থানার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে একই সময়ে পেট্রাপোল এলাকায় বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে মিছিল করেছে হিন্দু সুরক্ষা সমিতি। মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও রাজ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া। এ সময় বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবি জানানো হয়।

মিছিলে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, কলকাতা থেকে যশোর রোড হয়ে বনগাঁ ও পেট্রাপোল সীমান্ত দিয়ে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করতে পারেন। একই দিনে আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শন এবং বিজেপি নেতার এমন মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা তৈরি হয়েছে।

 

আপনার মতামত লিখুন
সর্বশেষ সব খবর
জনপ্রিয় সব খবর